সাপের কামড়ে মৃত্যুহার কমিয়ে আনতে এবং আমদানিনির্ভরতা কাটাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারকে পূর্ণাঙ্গ জাতীয় গবেষণা কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে সাপের কামড়ের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন ও প্রাণহানি রোধে সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রায় ৪৪ কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার। ‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি)’ শীর্ষক তিন বছর মেয়াদি এই প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৯ সালের জুন মেয়াদে বাস্তবায়িত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) প্রকল্পটির তদারকি করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত বর্তমান ভেনম রিসার্চ সেন্টারকে (ভিআরসি,বি) আধুনিক প্রযুক্তিনির্ভর ও পূর্ণাঙ্গ ‘জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে (এনভিআরসি)’ উন্নীত করা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর প্রায় চার লাখ মানুষ সাপের দংশনের শিকার হন এবং এর মধ্যে আনুমানিক ৭ হাজার ৫০০ জন মৃত্যুবরণ করেন, যাদের অধিকাংশই ৩০ থেকে ৪০ বছর বয়সী কর্মক্ষম ব্যক্তি। বর্তমানে দেশে যে অ্যান্টিভেনম ব্যবহৃত হয়, তা ভারত থেকে আমদানি করা এবং ভারতের প্রধান চারটি প্রজাতির (বিগ ফোর) সাপের বিষের বিপরীতে তৈরি। ফলে বাংলাদেশের স্থানীয় প্রজাতির সাপের কামড়ে আমদানিকৃত এই প্রতিষেধকের কার্যকারিতা মাত্র ৪০ থেকে ৬০ শতাংশে সীমাবদ্ধ থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপের কামড়কে অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ হিসেবে চিহ্নিত করার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে এতে মৃত্যুহার অর্ধেকে নামিয়ে আনার বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার সঙ্গে এই প্রকল্পটি সরাসরি সামঞ্জস্যপূর্ণ।
প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মান অনুসরণ করে সাপ পালন, বৈজ্ঞানিক উপায়ে বিষ সংগ্রহ, টক্সিকোলজিক্যাল বিশ্লেষণ এবং সাশ্রয়ী ও কার্যকর দেশীয় অ্যান্টিভেনম তৈরির উপযোগী অত্যাধুনিক পরীক্ষাগার স্থাপন করা হবে। ভেনম রিসার্চ সেন্টারের প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জানান, ২০১৭-১৮ অর্থবছরে কেন্দ্রটি যাত্রা শুরু করলেও ২০২৪ সালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় এর কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নতুন এই প্রকল্প অনুমোদনের ফলে সেই স্থবিরতা কাটবে। বর্তমানে কেন্দ্রটির ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে একটি সর্পশালা, কোয়ারেন্টাইন কক্ষ ও গবেষণাগার রয়েছে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত গোখরা, কিং কোবরা, কালাচ ও চন্দ্রবোড়াসহ ১১ প্রজাতির ৩৭০টিরও বেশি সাপ এবং সংগৃহীত দেড় কেজির বেশি বিষ সংরক্ষিত আছে।
ভৌগোলিক ও পরিবেশগত বৈচিত্র্যের কারণে পার্বত্য চট্টগ্রাম, উপকূলীয় ও বনাঞ্চলীয় এলাকায় সাপের উপদ্রব ও কামড়ের ঝুঁকি সবচেয়ে বেশি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজকে এই গবেষণার কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রকল্পটি সফল করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, সিভাসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোটিন ল্যাবসহ দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এর মাধ্যমে চিকিৎসকদের জন্য বিশেষ ক্লিনিক্যাল নির্দেশিকা প্রণয়ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং রোগভিত্তিক তথ্যভান্ডার তৈরির পাশাপাশি ভবিষ্যতে বিদেশ থেকে অ্যান্টিভেনম আমদানির নির্ভরতা পুরোপুরি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



