স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম এবং হামের উপসর্গে কারও মৃত্যু হয়নি। প্রায় আট মাস বা ২৫৩ দিনের ধারাবাহিকতার পর এই প্রথম কোনো প্রাণহানির ঘটনা ছাড়াই একটি দিন পার হলো।
এর আগের দিন হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল। ওই দিন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু রেকর্ড করা হয়, যার মধ্যে ১ হাজার ২৪৭ জন উপসর্গ নিয়ে এবং ১০৫ জন নিশ্চিত হামে মারা যান। এর আগে একদিনে সর্বোচ্চ ১৭ জনের প্রাণহানি ঘটেছিল গত ২৫ মে।
সোমবারের হিসাব বলছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২১ জন এবং ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬১ জন, যার মধ্যে ঢাকা বিভাগেই ভর্তি হয়েছেন ৫২২ জন।
বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২২ জন, চট্টগ্রামে ১২৮ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৬১ জন এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে হিসাব শুরুর পর থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন। মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে, যাদের মধ্যে ২৬ হাজার ২৩২ জনের শরীরে হাম নিশ্চিত করা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের ওপর ভিত্তি করে তৈরি। যেহেতু সব রোগীর পরীক্ষা করা হয় না এবং হাসপাতালের বাইরের রোগীরাও এই হিসাবের বাইরে থাকেন, তাই আক্রান্ত ও শনাক্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



