স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫১৬ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। একই সময়ে নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন এবং বরিশাল বিভাগে ১৪৫ জন রয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন নতুন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করে আসছে। অতীতের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটেছিল। গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু এবং এক লাখ দুই হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল।
বর্তমান পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকরা এইডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি তিন দিনের বেশি সময় ধরে কোথাও পানি জমতে না দেওয়া এবং জ্বর দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।



