আগামী ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জনমিতিক পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২০ সালে পাকিস্তানের মুসলিম জনসংখ্যা ছিল ২২ কোটি ৭০ লাখ, যা আগামী পাঁচ দশকে দ্বিগুণেরও বেশি বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে।
বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের বসবাস এমন ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, বৈশ্বিক মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বড় একটি অংশ ঘটবে বর্তমান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই। ২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন এবং ২০৭০ সালের মধ্যে কেবল এই দেশগুলোতেই মুসলিম জনসংখ্যা আরও ১২০ কোটি বাড়তে পারে, যা বৈশ্বিক মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ।
জনসংখ্যা বৃদ্ধির এই প্রবণতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে উচ্চ জন্মহার। গবেষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১, যা অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তুলনামূলকভাবে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই গড় হার ২ দশমিক ৫। এই প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফলে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে প্রায় ১৬০ কোটি নতুন মুসলিম যুক্ত হতে পারে, যেখানে খ্রিষ্টান জনসংখ্যা বাড়তে পারে ৭৯ কোটি ২০ লাখ। এর ফলে ২০৭০ সাল নাগাদ বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিষ্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মুসলিমদের।
অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশই মুসলিম হতে পারে। পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যাবে মুসলিম জনগোষ্ঠী। তবে পিউ রিসার্চ সেন্টার সতর্ক করে জানিয়েছে যে, এই পূর্বাভাস সম্পূর্ণ চূড়ান্ত নয়; ভবিষ্যতের আর্থসামাজিক পরিবর্তন, যুদ্ধবিগ্রহ কিংবা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ জনসংখ্যার এই গতিপ্রকৃতি এবং মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।



