দক্ষিণ সুদানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিরোধী সশস্ত্র গোষ্ঠীর এক বর্বরোচিত হামলায় সাত শিশুসহ ২৪ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওয়ারাপ রাজ্যের টনজ ইস্ট কাউন্টির ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথ জানান, শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে বোল বোল বোমা এলাকায় এই রক্তক্ষয়ী হামলা চালানো হয়। হামলাকারীরা প্রতিবেশী ইউনিটি রাজ্য থেকে এসেছিল এবং তারা গৃহবন্দি সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত এসপিএলএ-আইও বাহিনীর সদস্য।
কমিশনার বিথ আরও নিশ্চিত করেন, নিহত পশুপালক ও সাধারণ নাগরিকদের মধ্যে সাতজন শিশু এবং ছয়জন নারী রয়েছেন। এর আগে ১৫ জন নিহতের খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়ায়। এছাড়া সংঘর্ষে এসপিএলএ-আইও বাহিনীর পোশাক পরিহিত চার হামলাকারীও নিহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠানো হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, গত সপ্তাহেই ওয়ারাপ রাজ্যের মাকুয়াচ শহরের একটি বাজারে দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৭ জন নিহত ও ২৩ জন আহত হন। এর আগে গত মাসে ওয়ারাপ ও ইউনিটি রাজ্যের সীমান্তে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছিল। অবৈধ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণে এলাকাটিতে প্রায়ই গবাদি পশু লুট, প্রতিশোধমূলক হত্যা এবং আধিপত্য বিস্তারের লড়াই চলে।
২০১১ সালে স্বাধীনতা লাভ করা বিশ্বের নবীনতম এই রাষ্ট্রটি শুরু থেকেই রাজনৈতিক ও জাতিগত সহিংসতায় জর্জরিত। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট সালভা কির ও রিক মাচারের অনুগত বাহিনীর গৃহযুদ্ধে দেশটিতে চার লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। সাম্প্রতিক মাসগুলোতে এই দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ পুনরায় তীব্র আকার ধারণ করায় দেশটির মানবিক পরিস্থিতি চরম বিপর্যয়ের মুখে পড়েছে।
সূত্র: এএফপি



