শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর অ্যানথ্রপিকের প্রায় ৯৬ শতাংশ কর্মীই এখন কাগজে-কলমে কোটিপতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের আলোচিত প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের আইপিও ঘিরে প্রযুক্তি অঙ্গনে নতুন এক দৃষ্টান্ত তৈরি হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির প্রায় ৫ হাজার ৩০০ কর্মীর মধ্যে প্রায় ৯৬ শতাংশই এখন কাগজে-কলমে কোটিপতি। হিল ডটকমের হিসাব অনুযায়ী, আইপিওতে প্রতিটি শেয়ারের মূল্য ৮৩ ডলার নির্ধারিত হওয়ায় প্রায় ৫ হাজার ১০০ কর্মীর হাতে থাকা শেয়ারের বাজারমূল্য ১০ লাখ ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৮০০ কর্মীর সম্পদ ১ কোটি ডলারের বেশি এবং প্রায় ৬০০ জন ১০ কোটি ডলারের সীমা অতিক্রম করে শতকোটিপতির কাতারে পৌঁছেছেন।
দ্রুতগতির এই সম্পদ বৃদ্ধির পেছনে কর্মীদের প্রতিষ্ঠানে টিকে থাকার প্রবণতা এবং শুরুতে যোগ দেওয়ার সময়কে বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ২০২১ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানে ২০২৪ সালের শেষ পর্যন্তও কর্মী সংখ্যা ছিল এক হাজারের কম, কিন্তু এরপর থেকে তা দ্রুত বাড়তে থাকে। হিল ডটকমের প্রধান নির্বাহী অ্যান্ড্রু বেনসনের মতে, নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানে উচ্চ পদের চেয়ে আগে যুক্ত হওয়াটাই আর্থিক লাভের ক্ষেত্রে বেশি নির্ণায়ক ভূমিকা রাখে। ফলে শুরুর দিকে নিচের সারিতে যোগ দেওয়া কর্মীরাও সাম্প্রতিক সময়ে যোগ দেওয়া শীর্ষ কর্মকর্তাদের তুলনায় অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ পেয়েছেন।
আইপিওর ক্ষেত্রে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে অ্যানথ্রপিক কর্মীদের জন্য ভিন্ন এক সুযোগ তৈরি করেছে। সাধারণত শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্মীদের শেয়ার বিক্রিতে তিন থেকে ছয় মাসের লকআপ পিরিয়ড থাকে। কিন্তু অ্যানথ্রপিকের ক্ষেত্রে প্রতিষ্ঠাতা নন এমন কর্মীরাও লেনদেন শুরুর প্রথম দিন থেকেই নিজেদের শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ বিক্রি করার সুযোগ পেয়েছেন। যদিও প্রথম দিন ঠিক কতজন কর্মী এই সুবিধা কাজে লাগিয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
কর্মীদের এই আকস্মিক সম্পদ বৃদ্ধির প্রভাব সান ফ্রান্সিসকোর স্থানীয় অর্থনীতি ও আবাসন খাতেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অ্যানথ্রপিকের কর্মীদের বড় একটি অংশ এই শহরে অবস্থান করায় নতুন কোটিপতিদের ক্রয়ক্ষমতা আবাসনবাজারে আরও চাপ সৃষ্টি করতে পারে। রেডফিনের তথ্যমতে, গত অক্টোবরে সান ফ্রান্সিসকোতে একটি বাড়ির গড় দাম ছিল ১৭ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি—যেখানে পুরো যুক্তরাষ্ট্রে বাড়ির গড় দাম ছিল প্রায় ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলারের কাছাকাছি।



