যুদ্ধ অবসানে তেহরান সমঝোতায় আগ্রহী হলেও তাদের দেওয়া প্রস্তাব ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্র কেবল বাস্তবসম্মত ও কার্যকর সমঝোতায় আগ্রহী, কোনো লোক দেখানো বা অকার্যকর চুক্তিতে নয়। দীর্ঘদিন ধরে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনকে বিভ্রান্ত করার অভিযোগও তুলে ধরেন তিনি।

অপরদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন যে আলোচনার টেবিলে তেহরানের বেশ কিছু অটল শর্ত রয়েছে। এর মধ্যে প্রধান শর্ত হলো সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে স্থানান্তর করা যাবে না। তবুও কূটনৈতিক পথে একটি ন্যায্য সমাধানে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী তেহরান, যাতে ভবিষ্যতে আর নতুন কোনো সংঘাতের ঝুঁকি তৈরি না হয়।

বিজ্ঞাপন · inarticle_1

আলোচনার অগ্রগতির আগে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার জোরালো নিশ্চয়তা চাইছে ইরান। এ লক্ষ্যে আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে কথাও হয়েছে।

এদিকে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের মাঝে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক হামলার আশঙ্কা তীব্রতর হচ্ছে। প্রায় নয় মাস ধরে চলা এই দীর্ঘ সংঘাতের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সামলাতে গিয়ে হোয়াইট হাউসও বেশ চাপে রয়েছে। ফলে বড় ধরনের কোনো নতুন সামরিক পদক্ষেপে যাওয়া হবে কি না, তা নিয়ে গভীরভাবে ভাবছেন ট্রাম্প।