আকাশসীমা লঙ্ঘনের জবাবে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযানের দাবি তেহরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে বাহরাইনের একটি বেসামরিক শিল্পকারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। হামলার ঠিক আগমুহূর্তে দেশজুড়ে বিমান হামলার সতর্কসংকেত বা সাইরেন বাজানো হয় এবং সাধারণ নাগরিকদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জরুরি নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন · inarticle_1

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনাকে সরাসরি ‘ইরানি আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ফলে কারখানাটির ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্সের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে নিরাপত্তাজনিত কারণে ক্ষতিগ্রস্ত শিল্পকারখানাটির নাম ও সুনির্দিষ্ট অবস্থান এখন পর্যন্ত গোপন রেখেছে বাহরাইন প্রশাসন।

অন্যদিকে, হামলার দায় স্বীকার করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করা হয়েছে। আইআরজিসির ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ এবং এমকিউ-৯ মডেলের দুটি নজরদারি ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে প্রবেশ করার জবাবেই এই পাল্টা আঘাত হানা হয়। তেহরানের দাবি, বাহরাইনের আল-রিফা, আওয়ালি, শেখ ইসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত ঘাঁটিগুলোতে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে দাবি করেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে সিত্রা দ্বীপে আছড়ে পড়ে, যার ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রধান সদর দপ্তর অবস্থিত হওয়ায় দেশটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে বাহরাইন একাধিকবার এমন হামলার মুখে পড়েছে এবং কয়েক সপ্তাহের বিরতির পর সম্প্রতি দেশটিতে নতুন করে ড্রোন হামলার ঘটনা ঘটল।

সূত্র: আল জাজিরা