বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া ৬টি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ক্ষেত্রে এবার দেশে অবস্থান অব্যাহত রাখতে ভারতীয় ভিসা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যেসব অমুসলিম নাগরিক বৈ বৈধ ভ্রমণ নথি ছাড়া অথবা মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে কেবল ধর্মীয় নিপীড়নের মুখে ভারতে প্রবেশ করেছেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি 'ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স (এক্সেম্পশন) অর্ডার, ২০২৫' সংশোধন করে এই নতুন গেজেট বা নির্দেশনা জারি করা হয়েছে। সংশোধনীর নতুন বিধান অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বা ওই সময়ের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের এখন থেকে বৈধ ও নির্দিষ্ট ক্যাটাগরির ভারতীয় ভিসা সংগ্রহ করতে হবে।
এর আগের এক বিজ্ঞপ্তিতে এই ৬টি নির্দিষ্ট অমুসলিম জনগোষ্ঠীকে বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ ও অবস্থান করার একটি বিশেষ ছাড় বা অব্যাহতি দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক প্রবেশের সুবিধা বজায় থাকলেও পরবর্তীতে ভারতে দীর্ঘদিন অবস্থান চালিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ক্যাটাগরির ভিসা পাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই পদক্ষেপটি ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া সংশোধিত নীতিমালায় ভারত, নেপাল ও ভুটানের মধ্যকার সীমান্ত যাতায়াতের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে এবং 'ভিসা ম্যানুয়াল'-এর একটি প্রাতিষ্ঠানিক সংজ্ঞা যুক্ত করা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়, ভারত থেকে নেপাল ও ভুটানে যাতায়াতকারী ভারতীয় নাগরিক এবং ভারতে আসা নেপাল ও ভুটানের নাগরিকদের অভিবাসন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। একই সঙ্গে, যারা নেপাল বা ভুটান সীমান্ত ব্যবহার করে তৃতীয় কোনো দেশে ভ্রমণ করবেন কিংবা চীন, হংকং, ম্যাকাও বা পাকিস্তান হয়ে সফর করবেন, তাদের ক্ষেত্রে কেবল বৈধ পাসপোর্ট ও ভিসাই গ্রহণযোগ্য হবে।



