চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে দেওয়া প্রাথমিক তথ্যের তুলনায় সোমবার সকালে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ১৪ জনে দাঁড়ায় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, রোববার গ্রিনিচ মান সময় (GMT) সকাল ৯টার দিকে ভবনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের পর পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনায় আহত অন্তত ৩৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হলে মোট প্রাণহানি বেড়ে ১৪ জনে পৌঁছায়।

বিজ্ঞাপন · inarticle_1

বর্তমানে দুর্ঘটনাকবলিত ভবনের আগুন সম্পূর্ণ নিভে গেছে এবং ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে। তবে কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। দুর্বল ভবন নির্মাণ নীতি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার ঢিলেঢালা প্রয়োগের কারণে চীনে প্রায়ই এই ধরনের প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।

উল্লেখ্য, হংকংয়ের একাধিক বহুতল টাওয়ারে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জনের করুণ মৃত্যুর পর গত বছরের নভেম্বরে উচ্চ ভবনে অগ্নিনিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান শুরু করে চীন। তা সত্ত্বেও দুর্ঘটনার রাশ টানা সম্ভব হয়নি। পরবর্তীতে গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুনে ১২ জন এবং একটি জুতো কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটে।