লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট থেকে সাবেক ইরাকি সংসদ সদস্য আহমেদ আল-আলওয়ানির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে একটি ‘হত্যাকাণ্ড’ হিসেবে বিবেচনা করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে লেবানন পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, বৈরুতের তারিক আল-জাদিদা এলাকার একটি ফ্ল্যাট থেকে সোমবার আহমেদ আল-আলওয়ানির মৃতদেহ উদ্ধার করা হয়। আদালতের বিচারক আহমেদ রামি আল-হাজের সার্বিক তত্ত্বাবধানে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।

বিজ্ঞাপন · inarticle_1

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে একটি বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে, প্রাথমিক আলামত ও ময়নাতদন্তের তথ্যমতে আল-আলওয়ানিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে এক লেবাননি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, গত সপ্তাহে বিমানবন্দর থেকে তাকে হোটেলে নিয়ে যাওয়া আরও দুই সিরীয় নাগরিককে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে আল-আলওয়ানির কার্যালয় ঘটনাটিকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ এবং ‘বিশ্বাসঘাতকতামূলক অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, এটি কেবল সমবেদনা কিংবা নিন্দার মাধ্যমে এড়িয়ে যাওয়ার মতো ঘটনা নয়; এর পেছনে যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। লেবাননে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা আল-হুসাইনি জানিয়েছেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও চূড়ান্ত প্রতিবেদনের জন্য তারা লেবাননের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

উল্লেখ্য, সুন্নি সম্প্রদায়ের প্রভাবশালী রাজনীতিক আল-আলওয়ানি ইরাকের আনবার প্রদেশের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তৎকালীন শিয়া নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির সুন্নিবিরোধী বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে ২০১২ ও ২০১৩ সালে গড়ে ওঠা সরকারবিরোধী আন্দোলনে তিনি প্রধান ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০১৩ সালে তাকে গ্রেফতার করে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ২০২৫ সালের এপ্রিলে তিনি সাধারণ ক্ষমায় মুক্তি পান।