ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসংক্রান্ত প্রযুক্তি সহযোগিতা ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য বিনিময় সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত বিলের তিনটি বিতর্কিত ধারা চূড়ান্ত জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) থেকে সম্পূর্ণ বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ১২ জন প্রভাবশালী সিনেটর।

সম্প্রতি মার্কিন কংগ্রেস নেতৃত্বের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সিনেটরদের এই দলটি এই দাবি তুলে ধরেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সিনেটর ক্রিস ভ্যান হোলেন, বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ারেনের মতো বিশ্বখ্যাত রাজনীতিকরা।

বিজ্ঞাপন · inarticle_1

কংগ্রেসের শীর্ষ নেতাদের উদ্দেশে পাঠানো চিঠিতে আইনপ্রণেতারা স্পষ্ট জানিয়েছেন, গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান, নির্বিচার গণহত্যা এবং সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারিত্বের নীতি অনুসরণের কারণে ইসরায়েল সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব জাতীয় স্বার্থ ও সর্বজনীন মূল্যবোধকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। ফলে এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি সামরিক নিরাপত্তা চুক্তি যুক্তরাষ্ট্রের স্বাধীন নীতি নির্ধারণের ক্ষমতাকে সীমিত করবে।

সিনেটররা বিশেষত প্রস্তাবিত ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ডিফেন্স টেকনোলজি কোঅপারেশন ইনিশিয়েটিভ’-এর কড়া সমালোচনা করেন। তারা উল্লেখ করেন, এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং, আধুনিক সাইবার যুদ্ধ এবং বায়োটেকনোলজির মতো অতিসংবেদনশীল সামরিক ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ের পথ সুগম করার চেষ্টা করা হচ্ছে। চিঠিটিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সাধারণত তার ঘনিষ্ঠ ন্যাটো মিত্রদের সঙ্গেও এসব গোপনীয় ও আধুনিক সামরিক প্রযুক্তি শেয়ার করে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে "সহায়তা থেকে অংশীদারত্বে রূপান্তর" হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও, এটি মূলত সরাসরি মার্কিন সামরিক সহায়তা পাওয়ার পথ সুগম করার একটি নতুন কৌশল।

তাছাড়া বিলের ৬১৮ ধারা বাদ দেওয়ার জোরালো দাবি জানান তারা। প্রস্তাবিত এই ধারাটি পাস হলে ভবিষ্যতে জাতীয় স্বার্থে ইসরায়েলের সঙ্গে সংবেদনশীল গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত বা হ্রাস করার যে ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের হাতে রয়েছে, তা অনেকটাই রুদ্ধ হয়ে পড়বে। সিনেটররা স্মরণ করিয়ে দেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) কাউন্টার-ইন্টেলিজেন্স মূল্যায়নে ইসরায়েল থেকে আসা নিরাপত্তাজনিত হুমকিকে ‘সর্বোচ্চ স্তরে’ উন্নীত করেছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টের নির্বাহী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংকুচিত করা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় হবে বলে সতর্ক করেন মার্কিন সিনেটররা।