নিজেদের গণতান্ত্রিক দাবি করা রাষ্ট্রগুলোর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই ক্যারি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সরকারি আমন্ত্রণে ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর শেষে তিনি স্পষ্ট করে বলেন যে, ২০১৭ সালে মিয়ানমারে যে গণহত্যা সংঘটিত হয়েছে, তা নিয়ে কোনো ধরনের সন্দেহ বা দ্বিধার অবকাশ নেই।

আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণার প্রসঙ্গ টেনে জাতিসংঘের এই দূত আশা প্রকাশ করেন, আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত বর্বরতাকে যথাযথ নামে অভিহিত করবেন এবং এর মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহির পথ সুগম হবে। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের ওপর দীর্ঘকাল ধরে চলে আসা জাতিগত নিধনের পরিপ্রেক্ষিতে আইসিজে থেকে যে রায়ই আসুক না কেন, জাতিসংঘের সব সদস্যরাষ্ট্র তা মেনে চলতে বাধ্য থাকবে। রায়ের সম্ভাব্য ফলাফল নিয়ে আগাম মন্তব্য না করলেও তিনি উল্লেখ করেন, আদালত চাইলে মিয়ানমার সরকার কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তি ও রাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।

বিজ্ঞাপন · inarticle_1

এ ছাড়া রাখাইন বা আরাকান অঞ্চলে বর্তমানে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেলি ই ক্যারি। মিয়ানমারের দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকট নিরসনে রোহিঙ্গাসহ দেশটির সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে একটি অর্থবহ অভ্যন্তরীণ সংলাপ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে এই আঞ্চলিক সংকট সমাধানে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি।