ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সংকুচিত করার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে প্রত্যাখ্যাত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিনেটের রিপাবলিকান সদস্যদের বিরোধিতায় ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এই ভোটাভুটির মাধ্যমে ইরানের চলমান সংঘাতে ট্রাম্প প্রশাসনের নীতির প্রতি সিনেটের সমর্থন স্পষ্ট হলেও, সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পেছনে যুদ্ধবিরোধী জনমত বড় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোল্যুশন’-এর আওতায় আনা এই প্রস্তাবটি পাস হলে, ইরানে অভিযান অব্যাহত রাখতে ট্রাম্পকে বাধ্যতামূলকভাবে কংগ্রেসের অনুমোদন নিতে হতো। এর আগে গত সেপ্টেম্বরে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২২০-২০৪ ভোটে অনুমোদন পেয়েছিল। তবে সিনেটের এবারের উদ্যোগটি মূলত প্রতীকী ছিল এবং এর কোনো বাধ্যতামূলক আইনি কার্যকারিতা ছিল না।
সিনেটের ভোটাভুটিতে মূলত দলীয় অবস্থানেরই প্রতিফলন দেখা গেছে। তবে ব্যতিক্রম হিসেবে মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাওস্কি এবং কেনটাকির র্যান্ড পল—এই তিন রিপাবলিকান সিনেটর প্রস্তাবটির পক্ষে ভোট দেন। বিপরীতে ডেমোক্র্যাটদের মধ্যে একমাত্র পেনসিলভানিয়ার জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেন; দলীয় বলয়ের বাইরে থাকা এই সিনেটর ইসরায়েল ও ইরানবিরোধী অভিযানের প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন।
মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার একক এখতিয়ার কংগ্রেসের থাকলেও, ট্রাম্প কোনো পূর্বানুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান শুরু করেছিলেন। প্রেসিডেন্টের এই একতরফা ক্ষমতা নিয়ন্ত্রণে আইনপ্রণেতারা আগেও বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছেন। গত জুনে সিনেটে এমন একটি প্রস্তাব পাস হলেও পরবর্তী অন্যান্য উদ্যোগগুলো আর আলোর মুখ দেখেনি।
যুদ্ধ নিয়ে বাড়ছে মার্কিন নাগরিকদের অসন্তোষ
ইরান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই তীব্র হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত রয়টার্স ও ইপসোসের এক যৌথ জরিপে দেখা গেছে, দেশের ৭১ শতাংশ নাগরিকই চান কংগ্রেস এমন আইন করুক যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, এই মতের পক্ষে ৯৩ শতাংশ ডেমোক্র্যাটের পাশাপাশি ৫১ শতাংশ রিপাবলিকান সমর্থকও রয়েছেন।
ইউগভের অপর একটি জরিপেও একই ধরনের যুদ্ধবিরোধী মনোভাব উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৪৪ শতাংশ আমেরিকান জানিয়েছেন, ইরান যুদ্ধকে সমর্থন করেন এমন কোনো প্রার্থীকে তারা ভোট দেবেন না; অন্যদিকে যুদ্ধের পক্ষের প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন মাত্র ১৩ শতাংশ নাগরিক।
যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে যুদ্ধবিরোধী জনমতের পাশাপাশি জ্বালানি, খাদ্য ও নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগই স্পষ্টভাবে ফুটে উঠেছে।



