চীনের শেনঝু-২৪ মহাকাশযানে চড়ে তিয়ানগং স্টেশনে যাচ্ছেন বিমানবাহিনীর উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলী; এর মাধ্যমে চীনা মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।

পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে নভোচারী হিসেবে যাত্রা করছেন পাকিস্তান বিমানবাহিনীর ৪০ বছর বয়সী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে শেনঝু-২৪ মহাকাশযানে চড়ে তার এই ঐতিহাসিক যাত্রা শুরু হবে। বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় সকাল ৫টা ১৮ মিনিট) মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে। এই অভিযানে পে-লোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন জিশান আলী, যেখানে তার সহযাত্রী হিসেবে থাকবেন মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। এর মধ্য দিয়ে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম বিদেশি নভোচারী হওয়ার গৌরব অর্জন করতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন · inarticle_1

পাকিস্তান বিমানবাহিনীর পাইলট হিসেবে কর্মজীবন শুরু করা জিশান আলীকে এই অভিযানের জন্য অত্যন্ত কঠিন ও বহুমুখী প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। তিন দফা বাছাই পর্বে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং রকেট উৎক্ষেপণের প্রচণ্ড চাপ সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ও আরেক পাইলট খুররম দাউদ চূড়ান্ত প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। গত এপ্রিল থেকে বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট সেন্টারে তিনি শূন্য মাধ্যাকর্ষণে কাজ করা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সেন্ট্রিফিউজে মহাকর্ষীয় চাপ সহ্য করার অনুশীলন করেন। মহাকাশযানে সহযাত্রীদের কারিগরি নির্দেশনা বোঝার জন্য তিনি চীনা ভাষাতেও দক্ষতা অর্জন করেছেন। চূড়ান্ত পর্যায়ে জিশান আলী মূল অভিযানের জন্য নির্বাচিত হন এবং খুররম দাউদকে বিকল্প নভোচারী হিসেবে রাখা হয়।

তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থানকালে জিশান আলী গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবেন। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পারকোর কাছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জমা পড়া তিন শতাধিক গবেষণা প্রস্তাবের মধ্য থেকে বাছাইকৃত চারটি জীবপ্রযুক্তিবিষয়ক পরীক্ষা তিনি মহাকাশে সম্পন্ন করবেন। খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং সালোকসংশ্লেষণকারী অণুজীব সংক্রান্ত এসব গবেষণা পাকিস্তানের বিজ্ঞানীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এর আগে ২০২৩ সালে পাকিস্তানের নামিরা সালিম সাব-অরবিটাল ফ্লাইটে মহাকাশে গেলেও, জিশান আলীর এই মিশনই দেশটির প্রথম পূর্ণাঙ্গ কক্ষপথ অভিযান। নির্ধারিত এক সপ্তাহের কাজ শেষে শেনঝু-২৩ মহাকাশযানে করে তিয়ানগংয়ে অবস্থানরত নভোচারী লাই কাইয়িং ও ঝাং ঝিয়ুয়ানের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন তিনি।

এই ঐতিহাসিক অভিযান চীন ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত ও মহাকাশ সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পারকো এবং চায়না ম্যানড স্পেস এজেন্সির মধ্যে স্বাক্ষরিত চুক্তির ফলেই পাকিস্তানি নভোচারীর এই মহাকাশ যাত্রা সম্ভব হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অর্জনকে পুরো জাতির জন্য গর্বের বিষয় হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, উৎক্ষেপণ-পূর্ব সংবাদ সম্মেলনে চীনা ভাষায় বক্তব্য রেখে চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিশান আলী। তিনি মনে করেন, এই অভিযান কোনো শেষ গন্তব্য নয়, বরং ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলগ্রহসহ গভীর মহাকাশ গবেষণায় চীন ও পাকিস্তানের যৌথ পথচলার এক শক্তিশালী সূচনা মাত্র।