দুই দশক পর প্রাথমিক স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন হরমোন থেরাপি বড়ির অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের এফডিএ, যা রোগ ফিরে আসার ঝুঁকি ৩০ শতাংশ কমাবে।
প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন আশার আলো দেখাল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশের তৈরি ‘উইলসার্ডলি’ (জেনেরিক নাম গিরেডেস্ট্র্যান্ট) নামক হরমোন থেরাপি বড়ির অনুমোদন দিয়েছে সংস্থাটি। সোমবার (২৪ নভেম্বর) এই ঐতিহাসিক অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর প্রাথমিক স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন কোনো হরমোন থেরাপির ওষুধ বাজারে আসার অনুমতি পেল।
এফডিএ-র তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর যেসব রোগীর ক্যানসার পুনরায় ফিরে আসার ঝুঁকি মাঝারি থেকে উচ্চ পর্যায়ে রয়েছে, তাদের জন্য এই ওষুধটি বিশেষভাবে কার্যকর। মূলত ইস্ট্রোজেন রিসেপ্টর-পজিটিভ এবং এইচইআর২-নেগেটিভ প্রথম থেকে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীরা এটি সেবন করতে পারবেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে স্তন ক্যানসারে আক্রান্ত মোট রোগীদের প্রায় ৭০ শতাংশই এই নির্দিষ্ট ধরনের ক্যানসারে ভোগেন। প্রতিদিন একবার সেবনযোগ্য এই বড়িটি শরীরে ইস্ট্রোজেনের কার্যকারিতা বাধাগ্রস্ত করার পাশাপাশি ক্যানসার কোষে ইস্ট্রোজেন রিসেপ্টরের সংখ্যা কমিয়ে দিয়ে টিউমারের বৃদ্ধি রুখে দেয়।
ওষুধটির কার্যকারিতা প্রমাণে ৪ হাজার ১৭০ জন প্রাপ্তবয়স্ক রোগীর ওপর একটি বৃহৎ ও চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল গবেষণা চালানো হয়। সর্বোচ্চ পাঁচ বছরব্যাপী চলা এই গবেষণায় রোগীদের এক অংশকে উইলসার্ডলি এবং অন্য অংশকে প্রচলিত হরমোন থেরাপি দেওয়া হয়েছিল। ফলাফলে দেখা গেছে, প্রচলিত চিকিৎসার তুলনায় নতুন এই ওষুধটি ব্যবহারে ক্যানসার ফিরে আসা কিংবা মৃত্যুর ঝুঁকি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এর মাত্র এক সপ্তাহ আগেই শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া উন্নত পর্যায়ের স্তন ক্যানসারের (যেসব টিউমারে ইএসআর১ জিনের মিউটেশন রয়েছে) চিকিৎসায় এভারোলিমাসের সঙ্গে গিরেডেস্ট্র্যান্ট ব্যবহারের অনুমতি দিয়েছিল এফডিএ।
প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে ‘উইলসার্ডলি’ পাওয়া যাবে এবং দেশটিতে এর মাসিক তালিকামূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫০০ মার্কিন ডলার। তবে এই ওষুধ রোগীদের সামগ্রিক আয়ুষ্কাল কতটা বাড়াতে সক্ষম, তা আরও নিবিড়ভাবে যাচাই করতে রোগীদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে রাখবে এফডিএ। ওষুধটি বাণিজ্যিকভাবে বাজারে আসার পর এই পরবর্তী গবেষণার বিস্তারিত তথ্য নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিতে সম্মত হয়েছে রোশে।
সূত্র: রয়টার্স



