ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার থাকার বিষয়টি বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে আলোচিত হলেও দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। ১৯৬০-এর দশকের শুরুতে নেগেভ মরুভূমির ডিমোনা পারমাণবিক স্থাপনা নিয়ে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ তৈরির পর থেকেই শুরু হয় এই লুকোচুরি। সে সময় ইসরায়েলি কর্মকর্তারা একে 'বস্ত্র কারখানা' হিসেবে অভিহিত করলেও, পরবর্তীতে এটি মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রও এই কৌশলী অস্পষ্টতা বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে।
দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে চলা এই গোপনীয়তার পেছনে রয়েছে ভূরাজনীতি ও মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা। ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের মধ্যকার গোপন বৈঠকে বিষয়টি প্রকাশ্যে না আনার একটি সমঝোতা হয়েছিল বলে ইতিহাসবিদদের ধারণা। ওয়াশিংটনের এই অস্পষ্ট নীতির ফলে অন্য দেশের পারমাণবিক কর্মসূচির বিরোধিতায় যুক্তরাষ্ট্র নিজের অবস্থান ধরে রাখতে পেরেছে, অন্যদিকে ইসরায়েলও আন্তর্জাতিক চাপ এড়িয়ে গেছে।
তবে বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও পারমাণবিক অস্ত্রের ঝুঁকি তৈরি হওয়ায় এই নীতির কার্যকারিতা ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অটল সমর্থন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ও বিভিন্ন মহলের মতে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের নীরবতা ও ভান করে যাওয়ার দিন শেষ। বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েল যদি আনুষ্ঠানিকভাবে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে, তবে তা পুরো মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণহীন ও বিপজ্জনক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়িয়ে দিতে পারে।



