ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ‘ফ্লাইটগ্লোবাল’-এর সর্বশেষ ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি’ অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় বহরে বর্তমানে ৩২টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। অথচ ফ্রান্স থেকে ভারত মোট ৩৬টি (২৮টি এক আসনের ও ৮টি দুই আসনের) রাফায়েল কিনেছিল। ২০২৫ সালের নভেম্বরের প্রতিবেদনেও এই সংখ্যা ৩৫টি দেখানো হয়েছিল। নতুন সংস্করণে চারটি বিমান কম দেখানো হলেও এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি প্রকাশনাটি।

২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের পর ভারতের যুদ্ধবিমান হারানোর বিষয়টি আলোচনায় আসে। সে সময় পাকিস্তান রাফায়েলসহ একাধিক ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করলেও ভারত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট হিসাব প্রকাশ করেনি। ফ্লাইটগ্লোবালের এই নতুন তথ্য প্রকাশের পর পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ দাবি করেছে, এটি তাদের আগের বক্তব্যকেই সমর্থন করে। তবে প্রতিবেদনে বিমানগুলো যুদ্ধে ধ্বংস হওয়ার কোনো প্রমাণ দেওয়া হয়নি।

বিজ্ঞাপন · inarticle_1

অন্যদিকে, ফ্লাইটগ্লোবালের এই পরিসংখ্যানকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের সাবেক বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রকাশনাটিকে তাদের তথ্যসূত্র পুনর্মূল্যায়নের আহ্বান জানান। তিনি উদাহরণ দিয়ে বলেন, এর আগেও যেসব সিরিয়াল নম্বরের রাফায়েল ভূপাতিত হওয়ার দাবি করা হয়েছিল, সেগুলো পরবর্তী সময়ে আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়েছে। পাশাপাশি ভারতের প্রথম নারী রাফায়েল পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংয়ের বন্দি হওয়ার পুরোনো গুজবের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর জোর দেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটগ্লোবালের এই তথ্য সরকারি কোনো উৎস থেকে দেওয়া হয়নি। তা ছাড়া ২০২৬ সালের জুনে ভারতীয় বিমানবাহিনী ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার জন্য দরপত্র আহ্বান করেছিল, যা ৩২টি বিমানের দাবিকে অসাড় প্রমাণ করে। মূলত তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ‘সিরিয়াম’-এর উন্মুক্ত ফ্লাইট রেকর্ডের ভিত্তিতে এই ডিরেক্টরি তৈরি হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, কোনো বিমান নিয়মিত মেরামত বা আধুনিকায়নের কাজে থাকলে তা সক্রিয় বহরের হিসাব থেকে বাদ পড়তে পারে। তাই এই প্রতিবেদন থেকে চারটি রাফায়েল যুদ্ধে ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই।

সূত্র: দ্য হিন্দু