বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওড়িশা রাজ্যের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওড়িশার গোপালপুর এলাকায় ঝড়টি আঘাত হানে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ঝড়টির সম্পূর্ণ উপকূল অতিক্রম করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছিল যে, শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা জানান, স্থলভাগে উঠে আসার সময় সাধারণত ঘূর্ণিঝড়ের গতিবেগ কিছুটা কমে আসে এবং ‘আকভান’-এর ক্ষেত্রেও তাই ঘটেছে। তবে উপকূল অতিক্রম করার সময় সংশ্লিষ্ট এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃহস্পতিবার থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯ মিলিমিটার এবং দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত যশোরে রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, শুক্রবারও দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের প্রবণতা আগামীকাল শনিবারও দেশের কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।