দেশের সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা সুসংহত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে বিশেষভাবে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং জনমনে স্বস্তি ফেরাতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নের পাশাপাশি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মোতায়েনকৃত সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি না হয়।
মাঠপর্যায়ের সার্বিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য সরঞ্জামের মাধ্যমে সংগৃহীত লাইভ ভিডিও ফুটেজ সার্বক্ষণিক তদারকির আওতায় রাখা হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন। নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষা, স্বাভাবিক যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ড সচল রাখা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ।



