পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানির এই বহরটি কেন্দ্রের ভেতরে প্রবেশ করে।
সংশ্লিষ্ট সূত্রমতে, নতুন এই চালানটি যুক্ত হওয়ার মাধ্যমে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট আটটি চালান দেশে পৌঁছাল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, মোট নয়টি কার্গো বিমানের চালানে দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার কথা রয়েছে।
রাশিয়ার সর্বাধুনিক ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি ইউনিটবিশিষ্ট এই কেন্দ্রটির প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ইতোমধ্যে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিটটি সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত (সিনক্রোনাইজেশন) হয় এবং পরীক্ষামূলকভাবে ৩৫০ থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) কেন্দ্রটি থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হয়েছে।



