ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের জেরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে রোববার ৯টি তৈরি পোশাক কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, কয়েকদিনের টানা অসন্তোষের কারণে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী 'কাজ নেই, মজুরি নেই' ভিত্তিতে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হামিম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপের একটি কারখানাসহ আরও কয়েকটি কারখানা রয়েছে। মূলত সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সম্ভাব্য ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মালিকপক্ষ কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন · inarticle_1

এদিকে, বন্ধ ও ছুটি থাকা কারখানাগুলোর বাইরে আরও তিনটি কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ রেখে ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। পুলিশ সুপার জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। এছাড়া পুরো শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।