চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে শিক্ষার্থী ও রেলকর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং ট্রেনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসগামী শাটল ট্রেনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও চবি শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ জানান, টিউশন শেষে ট্রেনে ওঠার সময় তিনি বগির ভেতরে আগুন লাগার খবর পান এবং রেলওয়ের এক কর্মীর সঙ্গে দ্রুত তা নিভিয়ে ফেলেন। শুরুতে বিষয়টি ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি মনে হলেও পরে বগির ভেতরে কেরোসিনের তীব্র গন্ধ পাওয়া যায়। তল্লাশি চালিয়ে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয় এবং বগির আসনেও কেরোসিন মাখানো অবস্থায় দেখা যায়। এতে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবেই ট্রেনটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে অবস্থানকালে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করলেও কর্মীদের দ্রুত পদক্ষেপে কোনো ক্ষতি হয়নি। পরবর্তীতে বিকল্প আরেকটি ট্রেনের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। ঘটনাটিকে স্পষ্ট নাশকতার চেষ্টা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও নিরাপত্তা টহল জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।



