রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে দেশত্যাগের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরবর্তীতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিদেশে যাওয়ার উদ্দেশ্যে রোববার মধ্যরাতে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কাউন্টারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে শনাক্ত ও আটক করেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাৎক্ষণিকভাবে তাকে গোয়েন্দা পুলিশের জিম্মায় দেওয়া হয়। এ বিষয়ে ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিএমপি) জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে জানান, রাত আড়াইটার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবি পুলিশের হাতে তুলে দেয়।

বিজ্ঞাপন · inarticle_1

উল্লেখ্য, ঢাকার অপরাধজগতের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। ২০০৫ সালের ৩১ জানুয়ারি তৎকালীন জোট সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পর প্রায় ১৯ বছর কারাভোগ করেন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর জামিনে কারাগার থেকে মুক্তি পান আসলাম। জামিনে মুক্তির পর বিদেশে যাওয়ার প্রাক্কালে পুনরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে আটকা পড়লেন তিনি।