গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এই কর্মসূচি শুরু হয়। সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ায় দূরপাল্লার যাত্রী ও পরিবহনচালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেক যাত্রীকে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল নিটেক্স এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে এক শ্রমিকের মৃত্যু হয়েছে—শনিবার সকালে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং কারখানার সামনের মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছেন। তবে বিক্ষোভ চলাকালে শ্রমিকদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, এক শ্রমিকের মৃত্যুর গুজব বা খবরকে কেন্দ্র করে শ্রমিকেরা সড়কে নামলেও তাদের মূল দাবি মূলত বেতন বৃদ্ধি। বর্তমানে আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন।



