গোপালগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সংসদ সদস্যের গাড়িবহরের বেশ কয়েকটি গাড়িসহ ১৫ থেকে ২০টি যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বরইতলা এলাকায় আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। পথিমধ্যে বরইতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ধানবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সংসদ সদস্যের গাড়িবহর ও অন্যান্য যানবাহনকে একের পর এক ধাক্কা দিতে থাকে। এতে মহাসড়কে থাকা প্রায় ১৫ থেকে ২০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
এই দুর্ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমকে বহনকারী প্রাইভেটকারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি আহত হন। এছাড়া তার বহরে থাকা আরও কয়েকটি গাড়ি, যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহত সংসদ সদস্য ও অন্যদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনার কারণে ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে প্রায় এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে, ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



