আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াগাঁও, রাজারচর, কংশপুরা এবং নতুন আমঘাটা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন · inarticle_1

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে।

সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন হলেন—দিদার ঢালী (৪৭), বোরহান শিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) এবং ইমরান হোসেন (৪৮)। আহতদের উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সংঘর্ষে আহত বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে আওলাদ মোল্লার মুঠোফোনে এবং রহিম মোল্লার হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত কর্মীরা পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিবেশ শান্ত আছে বলে জানান তিনি।