সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সাতটি জেলায় মোট ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে কেবল গোপালগঞ্জ জেলাতেই দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। রোববার (২২ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কক্সবাজার ও গোপালগঞ্জে এই ফোর্স মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে মাঠপর্যায়ে কাজ করছেন।

বিজ্ঞাপন · inarticle_1

বর্তমানে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, শিল্পাঞ্চল এবং কৌশলগত পয়েন্টগুলোতে টহল ও নজরদারি জোরদার করেছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বিভিন্ন বাহিনীর মধ্যে দ্রুত সমন্বয় সাধনের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সদর দপ্তর আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, ধৈর্য ও শৃঙ্খলার সাথে কাজ করে যাচ্ছেন। নাগরিকদের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।