ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে মধুখালী মরিচবাজার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি দ্রুতগামী বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ প্রায় ৫০ জন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তার একটি পা কেটে তাকে অত্যন্ত সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



