হামলার ১৪০ দিন পরও চূড়ান্ত শাস্তি নেই; প্রশাসনের দায় এড়ানো ও দপ্তরগুলোর সমন্বয়হীনতায় ভুক্তভোগী শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাময়িক বহিষ্কৃত ছাত্রদলের দুই শীর্ষ নেতা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঘটনার ১৪০ দিন পেরিয়ে গেলেও চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত ঝুলে থাকার সুযোগে অভিযুক্তরা ইন্টার্নশিপ সম্পন্ন করার পাশাপাশি আসন্ন চূড়ান্ত ও রিটেক পরীক্ষার ফরমও পূরণ করেছেন। ঘোষিত শাস্তি কাগজে-কলমে সীমাবদ্ধ থাকায় এবং প্রশাসনের দায়িত্বশীল দপ্তরগুলোর মধ্যে চরম সমন্বয়হীনতা ফুটে ওঠায় ক্যাম্পাসের নিরাপত্তা ও বিচারহীনতা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে ৪৯তম ব্যাচের চার শিক্ষার্থীর ওপর হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট শৃঙ্খলা বোর্ডের সভায় বুটেক্স ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বর্ষণ বণিক (৪৮তম ব্যাচ) ও দপ্তর সম্পাদক সৈয়দ মাজেদুল ইসলাম প্রান্তকে (৪৯তম ব্যাচ) সাময়িক বহিষ্কার করা হয়। একই সাথে ৪৮তম ব্যাচের মো. মোহাইমিনুল হোসাইনকে ১০ হাজার টাকা এবং ৪৯তম ব্যাচের সুমন সরকার ও দেবনাথ সৌমিক চন্দ্রকে ৫ হাজার টাকা করে জরিমানা ও মুচলেকার শাস্তি দেয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নিয়ম অনুযায়ী, সাময়িক বহিষ্কারাদেশ চলমান অবস্থায় অভিযুক্তদের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রশাসনের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বর্ষণ বণিক আগস্ট ও সেপ্টেম্বর মাসে এপিলিয়ন গ্রুপে তাঁর একাডেমিক ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, তিনি বিভাগে নিয়মিত থিওরি ও ল্যাব ক্লাসে উপস্থিত থাকার পাশাপাশি ক্লাস পরীক্ষায় অংশ নিয়েছেন এবং চূড়ান্ত সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ করে জমাও দিয়েছেন। সাংবাদিকদের কাছে নিজেই এসব তথ্যের সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। অন্যদিকে, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের সাথে রি-অ্যাড হিসেবে অধ্যয়নরত সৈয়দ মাজেদুল ইসলাম প্রান্ত নিয়মিত ক্লাসে অংশ না নিলেও চারটি বিষয়ে রিটেক পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে ফি পরিশোধ করে ফরম জমা দিয়েছেন।
বহিষ্কৃত শিক্ষার্থীদের এমন অবাধ বিচরণের পেছনে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, প্রক্টর অফিস এবং অ্যাকাউন্টস দপ্তরের পারস্পরিক দায় এড়ানোর প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইমদাদ সরকার দাবি করেছেন, প্রক্টরিয়াল বডি থেকে ক্লাস বা ফরম পূরণ স্থগিতের কোনো লিখিত নির্দেশনা না আসায় তাঁরা ব্যবস্থা নিতে পারেননি। অ্যাকাউন্টস দপ্তরের সহকারী কর্মকর্তা মো. হেলাল মৃধা জানান, একাডেমিক দপ্তরের পাঠানো তালিকা অনুযায়ী সোনালী ব্যাংকের মাধ্যমে বর্ষণ বণিক ফি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কানিজ ফারহানা স্পষ্ট জানিয়েছেন, ফরম পূরণ করলেও প্রান্তকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান পাল্টা দাবি করে বলেন, বহিষ্কারের সিদ্ধান্ত সব দপ্তরে পাঠানো হয়েছে এবং ফরম পূরণ করলেও তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারবেন না, যা কার্যকর করার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগ ও রেজিস্ট্রার অফিসের।
দীর্ঘ প্রায় পাঁচ মাসেও সিন্ডিকেটের মাধ্যমে চূড়ান্ত শাস্তি নিশ্চিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ৪৯তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী রাইয়ান সিদ্দিকী আক্ষেপ করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন বা চাপ ছাড়া প্রশাসন কখনোই কোনো কঠোর পদক্ষেপ নেয় না। একই ব্যাচের শিক্ষার্থী এস এম সাদিকুজ্জামান মনে করেন, অপরাধের পর শাস্তির ঘোষণা এলেও তার বাস্তবায়ন না হওয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যর্থতা ও লজ্জার বিষয়। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানিয়েছেন, অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও অনেকেই জবাব দেননি এবং গঠিত কমিটির যাচাই-বাছাই শেষে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে; জরিমানা পরিশোধ না করলে কেউ সনদ তুলতে পারবেন না। তবে প্রশাসনের এই ধীরগতির প্রক্রিয়ায় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা।



