কক্ষে আটকে রেখে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ তিন সিনিয়রের বিরুদ্ধে; মানসিকভাবে ভেঙে পড়ে হল ছাড়ার শঙ্কা ভুক্তভোগীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪ হলে এক নারী শিক্ষার্থীকে কক্ষে আটকে রেখে মানসিক নির্যাতন ও র‍্যাগিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর তীব্র মাকড়সাভীতি (ফোবিয়া) থাকার বিষয়টি জেনেও তাকে কক্ষে বন্দি করে সামনে বড় মাকড়সা ছেড়ে দেওয়া হয়। এতে প্রচণ্ড আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার পর অভিযুক্তদের বিরূপ মন্তব্যের কারণে বর্তমানে ওই শিক্ষার্থী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিজ্ঞাপন · inarticle_1

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। তার অভিযোগ অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় রাত আনুমানিক ১০টার দিকে। ২০২০–২১ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোনালিসা মিতা নূর তাকে কক্ষ থেকে ডেকে নিয়ে যান। সম্ভাব্য বিপদের আঁচ পেয়ে ভুক্তভোগী বারবার বিষয়টি জানতে চাইলেও তাকে আশ্বস্ত করা হয়। কিন্তু কক্ষে প্রবেশের পরপরই দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে আগে থেকে অবস্থান করা পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি ও হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া মিলে তার সামনে একটি বড় মাকড়সা ছেড়ে দেন।

আকস্মিক এই ঘটনায় ভুক্তভোগী চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্তরা তাকে সান্ত্বনা দেওয়ার বদলে উপহাস ও হাসিঠাট্টা করতে থাকেন। একপর্যায়ে কোনোমতে কক্ষ থেকে বেরিয়ে এলেও অতিরিক্ত ভয়ে তিনি শারীরিকভাবে ভেঙে পড়েন এবং পরপর চারবার বমি করেন। অবস্থার অবনতি হলে রুমমেটরা তাকে দ্রুত চবি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। ভুক্তভোগীর দাবি, চিকিৎসা নেওয়ার পরও তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং অভিযুক্তরা তাকে উদ্দেশ্য করে ‘মরে গেলেই ভালো হতো’ এমন মন্তব্য করে বেড়াচ্ছেন, যা তার নিরাপত্তার শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোনালিসা মিতা নূর ও তাহরিমা আক্তার ওমি ঘটনাটিকে নিছক ‘মজা’ বা ‘প্র্যাংক’ হিসেবে দাবি করেছেন। তাদের ভাষ্যমতে, ভুক্তভোগীর ভয়ের বিষয়টি জেনেই তারা কেবল আনন্দ করার উদ্দেশ্যে এমনটি করেছিলেন, তবে পরিস্থিতি এতটা গুরুতর হবে তা তারা বুঝতে পারেননি। এদিকে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. ফিরোজা আক্তার খানম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে ডেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।