বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত দিশারী ট্রাস্টে ১৪টি ভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ও ডিপ্লোমাধারী নারী-পুরুষ উভয় প্রার্থীর জন্যই আবেদনের সুযোগ রয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের স্থায়ী আবাসন, সঠিক পরিচর্যা, পুনর্বাসন এবং সামগ্রিক জীবনমান উন্নয়নের মহৎ লক্ষ্য নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে উঠছে দিশারী ট্রাস্ট। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৪টি ক্যাটাগরিতে মোট ৪২ জন যোগ্য ও মানবিক গুণাবলিসম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালক স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোর মধ্যে প্রশাসনিক কর্মকর্তা (১ জন), করনিক (১ জন) ও গাড়িচালক (১ জন) পদে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের চাওয়া হয়েছে এবং এসব পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা (করণিক ও চালকের ক্ষেত্রে ২৫ হাজার টাকা)। প্রশাসনিক সুপারভাইজার পদে ১ জন অবসরপ্রাপ্ত জেসিও বা এনসিও নিয়োগ পাবেন, যার বেতন ৩০ হাজার টাকা। এ ছাড়া নার্স (২ জন) ও প্রশিক্ষক (২ জন) পদের জন্য যথাক্রমে নার্সিং ও বিএসএড ডিগ্রিধারী নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং উভয় পদেই মাসিক বেতন দেওয়া হবে ২৫ হাজার টাকা।
প্রতিষ্ঠানটিতে সবচেয়ে বেশি সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে পরিচর্যাকারী পদে; যেখানে ১০ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ১৫ জন সুযোগ পাবেন এবং তাঁদের বেতন হবে ১৫ থেকে ১৮ হাজার টাকা। পাশাপাশি আইটি সুপারভাইজার পদে ১ জন (বেতন ২০ হাজার টাকা), রাঁধুনি বা কুক পদে ৩ জন (বেতন ১৫ থেকে ২০ হাজার টাকা), ইলেকট্রিক টেকনিশিয়ান ১ জন, অফিস সহকারী ১ জন, লিফটম্যান ২ জন, নিরাপত্তারক্ষী ৬ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ৫ জন (পুরুষ-৩, মহিলা-২) নিয়োগ দেওয়া হবে। শেষোক্ত পদগুলোর প্রতিটিতে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, কারিগরি সনদ এবং স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হয়েছে।
চাকরির শর্তাবলি অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক পর্যায়ে ৩ মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা পরবর্তীতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও কর্মদক্ষতার ভিত্তিতে নবায়নযোগ্য। আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজনে কর্মীদের দিবা ও রাত্রিকালীন শিফটে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে এবং বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। সব পদের জন্যই প্রার্থীদের বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য রাখা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। খামের ওপর বা ই-মেইলে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন পৌঁছাতে হবে। প্রার্থীরা সরাসরি কিংবা ডাকযোগে ‘দিশারী ট্রাস্ট, প্রযত্নে: সেনাসদর, এজি'র শাখা, কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর, ঢাকা সেনানিবাস’ ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন। এ ছাড়া ই-মেইলের (dishari.army@gmail.com) মাধ্যমেও আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে এবং প্রয়োজনে ০১৭৬৯০১৩৭১৭ নম্বরে যোগাযোগ করা যাবে।



