কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলকে ব্যক্তিস্বার্থ পরিহার করে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এই আহ্বান জানান।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে বলে দাবি করলেও তাদের বর্তমান আচরণে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। জ্বালাও-পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনীতি হতে পারে না। দলটির নেতাকর্মীদের দেশের সন্তান উল্লেখ করে তিনি সবাইকে একসঙ্গে বসে দেশের কল্যাণে কাজ করার তাগিদ দেন।

বিজ্ঞাপন · inarticle_1

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলনের আমির আক্ষেপ করে বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিলেও সেই আশা পূরণ হয়নি। তার মতে, যাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রে পুরোনোরাই নতুন রূপে ক্ষমতার চেয়ারে বসেছে। বর্তমান ও অতীতের সরকারগুলোর নীতি ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, ইসলামি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হলেই কেবল দেশ সুখী ও সমৃদ্ধ হতে পারে।

এ সময় বিএনপির উদ্দেশে রেজাউল করিম বলেন, ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও দলটি গণভোটের রায় বাস্তবায়নসহ তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করেনি। জনগণের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলেও তিনি সতর্ক করেন।

বক্তব্যের শেষাংশে ভোলার দীর্ঘদিনের ছয় দফা দাবি বাস্তবায়নের জোরালো আহ্বান জানান চরমোনাই পীর। তিনি বলেন, দ্বীপজেলা ভোলাকে মেহেন্দিগঞ্জ-হিজলা হয়ে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার সরকারি পরিকল্পনা পরিবর্তন করে ভোলাবাসীর প্রাণের দাবি অনুযায়ী ভোলা ও বরিশালের মধ্য দিয়েই সরাসরি সেতু নির্মাণ করতে হবে।