সাত দিনের এই কূটনৈতিক ও প্রবাসী সংযোগ সফরে সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সাত দিনের এক গুরুত্বপূর্ণ সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি যাত্রা শুরু করেন। আগামী ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তার এই দ্বিপাক্ষিক ও সাংগঠনিক সফর চলবে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

সফরসূচি অনুযায়ী, জামায়াত আমির প্রথমে অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন এবং সেখানে দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন। কূটনৈতিক আলোচনার পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন মতবিনিময় সভা ও সামাজিক কর্মসূচিতেও তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। অস্ট্রেলিয়ার কর্মসূচি শেষ করে তিনি মালয়েশিয়া যাবেন এবং সেখানেও প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন।

এই সফরে শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম। সফরকালে তারা প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

এর আগে বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিরোধীদলীয় নেতাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সেখানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সফল সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।