অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি ও মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রবাসে অবস্থান করেও নিজ দেশের সামগ্রিক উন্নয়ন, রাষ্ট্র সংস্কার এবং মানুষের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২১ নভেম্বর) বিকালে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন না কেন, সর্বাবস্থায় তার ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখার পাশাপাশি বসবাসরত দেশের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন · inarticle_1

বক্তব্যে জামায়াত আমির প্রবাসীদের ব্যক্তিগত সাফল্যের গণ্ডি পেরিয়ে বৃহত্তর জাতীয় স্বার্থে এগিয়ে আসার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, প্রবাসে অর্জিত জ্ঞান, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে দেশের শিক্ষা, অর্থনীতি ও রাষ্ট্র সংস্কারের কাজে লাগানোর ব্যাপক সুযোগ রয়েছে। বিদেশের মাটিতে সততা ও যোগ্যতার মাধ্যমে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ অটুট রেখে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখার জন্য তিনি প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান। এছাড়া অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতা ও বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে অংশ নেন এবং দেশের সমসাময়িক বিষয় ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

এর আগে শনিবার দুপুরে সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে আয়োজিত অপর এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে কাজ করার জন্য কাউন্সিলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকলে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি আগামীতে আরও গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।