সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই কেবল জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। যুক্তরাজ্য সফর শেষে রোববার বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দলের এই অবস্থানের কথা জানান।

বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, সংবিধান সংস্কার পরিষদ কার্যকর না হলে বিএনপি সরকারের কোনো জাতীয় ঐক্যের উদ্যোগে এনসিপি অংশ নেবে না। সরকারের উদ্দেশ্যের সমালোচনা করে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, আওয়ামী লীগকে প্রতিহত করতে সরকার হয়তো ডিসেম্বরে জাতীয় ঐক্যের ডাক দেবে, কিন্তু জানুয়ারিতে গিয়ে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করবে। এ ধরনের কোনো একতরফা উদ্যোগে এনসিপি যুক্ত হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

বিজ্ঞাপন · inarticle_1

জাতীয় ঐক্য গঠনের পূর্বশর্ত হিসেবে এনসিপির আহ্বায়ক বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে গণভোটের রায় অনুসারে জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা এবং ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন করা। এ সময় বিএনপির সমালোচনা করে নাহিদ বলেন, সংস্কার প্রক্রিয়ায় অসহযোগিতা এবং নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে বিএনপি দুই দফায় জাতীয় ঐক্য ভেঙেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও ক্ষমতায় গিয়ে দলটি তা থেকে সরে এসেছে বলে তিনি অভিযোগ করেন।

তবে জাতীয় ঐক্যের প্রশ্নে কঠোর শর্ত দিলেও প্রধানমন্ত্রীর ডাকা সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এনসিপি। নাহিদ ইসলাম জানান, দেশের চলমান সংকটকালে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা অবশ্যই তাতে সাড়া দেবেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী কী পদক্ষেপ নিতে চান, তা জানতেই তারা বৈঠকে বসবেন। এই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।