তদন্তের স্বার্থে ছয়জনকে জামিনে মুক্তি দিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ; সিসিটিভি ও ড্যাশক্যামের ফুটেজ চেয়ে আহ্বান

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সহিংসতার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাঁদের আটক করা হলেও অধিকতর তদন্ত চলাকালে প্রাথমিক জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে আটক ব্যক্তিদের নাম কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।

বিজ্ঞাপন · inarticle_1

গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপি ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গাছের ডাল দিয়ে এনসিপির কর্মী–সমর্থকদের ওপর চড়াও হন আওয়ামী লীগের সমর্থকেরা এবং ব্যাপক মারধরের ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোড এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় এবং সেখানে প্রায় ৫০ জন পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ওই সময় কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং আশপাশের সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ পৌঁছানোর আগেই বিশৃঙ্খলাকারীরা এলাকা ছেড়ে ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে জানা যায়, তাঁদের আঘাত গুরুতর নয়।

ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ জোরালো তদন্ত শুরু করে মেট্রোপলিটন পুলিশ, যার ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর বয়সী ছয়জনকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের (পাবলিক অর্ডার অ্যাক্ট) ২ নম্বর ধারার আওতায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হলেও আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি জানান, এই সহিংসতা রেডব্রিজ এলাকার সাধারণ বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে এবং অনেককেই ঘর থেকে বের হতে শঙ্কায় থাকতে হয়েছে। জড়িতদের শনাক্তে দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি তদন্তে সহায়ক হতে পারে এমন সিসিটিভি বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করে CAD 7004/16NOV রেফারেন্স নম্বর উল্লেখ করার আহ্বান জানিয়েছেন।