দলীয় সূত্র ও সংশ্লিষ্ট নেতাদের তথ্যমতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির পাঁচ জ্যেষ্ঠ নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত এই বিশেষ দলটি মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নবগঠিত এই বিশেষ দলের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু। এই দলটির সার্বিক সমন্বয় ও সহযোগিতায় যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের নিয়ন্ত্রণ সুসংহত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। বিশেষ দলের সদস্যদের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক দুর্বলতা এবং স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মাঠপর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ আরও নিবিড় করতে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার এখতিয়ারও এই দলকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ইতোমধ্যে বিভিন্ন সাংগঠনিক বিভাগের শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে চলমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়েছে এবং তৃণমূলকে শক্তিশালী করতে এই প্রক্রিয়া নিয়মিত অব্যাহত থাকবে।



