১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারাদেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও অরাজকতা সৃষ্টির অভিযোগও এই কর্মসূচিতে তুলে ধরবে দলটি।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য জানানো হয়। বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা ও অরাজকতার প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে এই কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা সর্বাত্মকভাবে সফল করতে তিনি সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মীদের নির্দেশনা দেন এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।



