পাঁচ দিনের ব্যস্ত সফর ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় শেষে সিডনি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

পাঁচ দিনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও কূটনৈতিক সফর শেষে অস্ট্রেলিয়া ত্যাগ করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার ফ্লাইটে ওঠেন। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন। এ সময় প্রবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন, যা বিমানবন্দর এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

বিজ্ঞাপন · inarticle_1

সফরের শুরুতে গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর থেকেই অত্যন্ত ব্যস্ত সময় পার করেন ডা. শফিকুর রহমান। ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের শীর্ষ নেতাদের সঙ্গে এক সৌজন্য মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভায় অংশ নিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। একই দিন বিকেলে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটোরিয়ামে শিশু-কিশোরদের এক আনন্দমেলায় যোগ দেন। পাশাপাশি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের মেধা ও শ্রমের গুরুত্ব তুলে ধরেন।

সফরের তৃতীয় দিন অর্থাৎ ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ (July Uprising and Beyond) শীর্ষক এক বৃহত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত আমির। উক্ত অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে আগত শিক্ষাবিদ, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বক্তৃতায় তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

পরবর্তীতে ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার অভিজাত ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত অপর এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে তাদের অর্জিত জ্ঞান, আধুনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর উদাত্ত আহ্বান জানান। এই গুরুত্বপূর্ণ সফরে জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।