হাসপাতালহীন বাম্বালির সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেওয়া উদ্যোগ আজ সেনেগালের প্রত্যন্ত জনপদের মা ও শিশুদের নতুন আশার আলো দেখাচ্ছে।

সাদিও মানের জীবনের শুরুটা ছিল কঠিন বাস্তবতা ও সংগ্রামে ভরা। মাত্র সাত বছর বয়সে বাবাকে হারানো এই ফুটবলার কৈশোরে খেতে কাজ করেছেন, খালি পায়ে ফুটবল খেলেছেন এবং অভাবের দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন। ১৫ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে তিনি বাড়ি ছেড়েছিলেন, যা সেই বয়সের অনেকের জন্যই অনিশ্চিত এক যাত্রা। কিন্তু শহরে গিয়ে হারিয়ে না গিয়ে মানে প্রতিবারই নিজের শিকড় বাম্বালিতে ফিরেছেন মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে। তাঁর বোনের জন্ম হয়েছিল এমন এক সময়ে, যখন রাজধানী ডাকার থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের এই গ্রামে কোনো হাসপাতাল ছিল না। প্রসবের মতো সংবেদনশীল সময়ে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার সেই অসহায়তা ও দুশ্চিন্তাই তাঁকে অনুপ্রাণিত করেছিল নিজের গ্রামে একটি আধুনিক হাসপাতাল গড়ার স্বপ্ন দেখতে।

বিজ্ঞাপন · inarticle_1

লিভারপুলের হয়ে ছয় মৌসুমে ২৬৯ ম্যাচে ১২০ গোল করা সাদিও মানে বিশ্বফুটবলে নিজের জায়গা তৈরি করেছেন গতি, পরিশ্রম আর ঠান্ডা মাথার ফিনিশিং দিয়ে। ২০১৯ সালে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সে বছর ব্যালন ডি’অর দৌড়েও দ্বিতীয় হয়েছিলেন তিনি। মাঠের বাইরের মানবিকতায়ও মানে সমানভাবে উজ্জ্বল। ২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে গ্রামের মানুষের জন্য ৩০০টি লিভারপুল জার্সি পাঠিয়েছিলেন, আর পরের বছর ট্রফি জয়ের আনন্দে সেই জার্সিগুলোই বাম্বালির মানুষের গায়ে নতুন অর্থ পেয়েছিল। ২০১৯ সালে গ্রামের মাধ্যমিক স্কুলের জন্য আড়াই লাখ পাউন্ড অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ ও বৃত্তি দেওয়ার পর তিনি মনোযোগ দেন স্বাস্থ্যসেবায়। চিকিৎসাকর্মী ও অবকাঠামোর সহায়তার জন্য তৎকালীন প্রেসিডেন্ট ম্যাকি সালের কাছেও গিয়েছিলেন, যার ফলস্বরূপ ২০২১ সালের জুনে মাতৃসেবা বিভাগসহ হাসপাতালটির যাত্রা শুরু হয়।

আজ বাম্বালির সেই হাসপাতাল শুধু একটি গ্রামের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; আশপাশের ৩০টির বেশি গ্রামের মানুষ এখান থেকে চিকিৎসাসেবা পাচ্ছেন। যে গ্রামে একসময় ঘরের ভেতরেই ঝুঁকি নিয়ে সন্তানের জন্ম হতো, সেখানে এখন নিরাপদ পরিবেশে মা ও শিশুর যত্ন নেওয়া হচ্ছে। বায়ার্ন মিউনিখ ঘুরে বর্তমানে সৌদি আরবের রিয়াদে আল নাসরের হয়ে খেলা এই তারকা গত মৌসুমে সৌদি প্রো লিগ জয়ের স্বাদ পেয়েছেন এবং ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে সেনেগালের সাফল্যের পর সতীর্থদের কাছ থেকে সংবর্ধনাও কুড়িয়েছেন। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্লাব ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা থাকলেও পারিবারিক মূল্যবোধে তিনি বরাবরই অটল। নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচের স্কোয়াডে না থেকে স্ত্রীর পাশে থেকে নতুন সন্তানকে স্বাগত জানাতে রিয়াদে থেকে যাওয়ার সিদ্ধান্তটিও সেই উপলব্ধিরই প্রতিফলন—কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকার মূল্য মানে নিজের অতীত থেকেই শিখেছেন।