সিআইইএসের মূল্যায়নে বার্সেলোনার স্প্যানিশ গোলরক্ষক সবার ওপরে, প্রিমিয়ার লিগের দাপট শীর্ষ দশে

আধুনিক ফুটবলে গোলপোস্টের সামনে দাঁড়িয়ে দলকে বাঁচানো গোলরক্ষকদের কদর ও বাজারদর এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। সিআইইএস ফুটবল অবজারভেটরির সর্বশেষ মূল্যায়নে সেই দৌড়ে সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন বার্সেলোনার স্প্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়া। ২৫ বছর বয়সী এই গোলরক্ষকের সম্ভাব্য দলবদল মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৬ লাখ ইউরো, যা বিশ্ব ফুটবলে গোলকিপারদের মধ্যে সর্বোচ্চ। দীর্ঘমেয়াদি চুক্তি ও ধারাবাহিক পারফরম্যান্স তার এই আকাশছোঁয়া মূল্যায়নে বড় ভূমিকা রেখেছে, কারণ বার্সেলোনার সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বিস্তৃত।

গার্সিয়ার ঠিক পেছনেই অবস্থান করছেন ইতালি ও ম্যানচেস্টার সিটির তারকা গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। ৭ কোটি ৯৯ লাখ ইউরো সম্ভাব্য ট্রান্সফার মূল্য নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা এই গোলকিপার গার্সিয়ার চেয়ে বয়সে দুই বছরের বড় এবং তার চুক্তির মেয়াদও ২০২১ সালের জুন পর্যন্ত কার্যকর রয়েছে। এদিকে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বেলজিয়াম ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেন্নে ল্যামেন্স, যার সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে ৬ কোটি ৪২ লাখ ইউরো। একটি বিশেষ পরিসংখ্যানভিত্তিক মডেলের মাধ্যমে খেলোয়াড়দের অতীত ও সাম্প্রতিক পারফরম্যান্স, বয়স এবং ক্লাবের সঙ্গে চুক্তির অবশিষ্ট সময় বিশ্লেষণ করে সিআইইএস এই আনুমানিক দলবদল মূল্য তৈরি করেছে।

বিজ্ঞাপন · inarticle_1

শীর্ষ দশ গোলকিপারের তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের প্রভাব ও আধিপত্য বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। সেরা দশে থাকা দশজন গোলরক্ষকের মধ্যে সাতজনই খেলেন প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে, যা ইংল্যান্ডের শীর্ষ লিগের আর্থিক সামর্থ্য ও প্রতিযোগিতার মানকেই তুলে ধরে। প্রিমিয়ার লিগের বাইরে থাকা তিনজনের মধ্যে শীর্ষে আছেন বার্সেলোনার গার্সিয়া, আর তালিকার নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে পিএসজির মাতভি সাফোনভ এবং বায়ার্ন মিউনিখের জোনাস আরবিগ। অন্যদিকে শীর্ষ দশে জায়গা না পেলেও একাদশ স্থানে থেকে নজর কেড়েছেন লিডসের হয়ে খেলা ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড, যার সম্ভাব্য মূল্য ৪ কোটি ৮৯ লাখ ইউরো।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে অবস্থান করা ক্লাবগুলোর মধ্যে পোর্তোর ডিয়েগো কস্তা সবচেয়ে এগিয়ে আছেন। সিআইইএসের বিশ্লেষণে তিনি পিএসভি আইন্দহোভেনের মাতেই কোভার এবং ওয়েস্ট হ্যামের ম্যাডস হারমানসেনের চেয়েও উচ্চতর মূল্যায়ন পেয়েছেন। তরুণ প্রতিভাদের দিক থেকে তাকালে এই তালিকার সবচেয়ে কম বয়সী ফুটবলার হলেন বেলজিয়ামের ক্লাব কেআরসি গেঙ্কের গোলরক্ষক লুকা ব্রুঘমান্স, যার বয়স মাত্র ১৮ বছর ৪ মাস এবং সম্ভাব্য মূল্য ২ কোটি ৩৮ লাখ ইউরো। সেরা একশ গোলকিপারের তালিকায় অনূর্ধ্ব-২১ বয়সী আর মাত্র দুজনকে দেখা যায়—আরবি সালজবুর্গের ক্রিস্তিয়ান জাওইশিৎজকি (১৯ বছর ৫ মাস) এবং ব্রাজিলের ক্রুজেইরোর ওতাভিও (২০ বছর ৯ মাস)।