ছবির অপব্যবহার ও শীর্ষ কর্তাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপজয়ী তারকা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শীর্ষ নেতৃত্বের সঙ্গে টানাপোড়েনের জেরে আইনি ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছেন লিওনেল মেসি। অনুমতি ছাড়া নিজের ছবি বাণিজ্যিক কাজে ব্যবহার এবং সংস্থার ভেতরের নানা অসঙ্গতি নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। আর্জেন্টাইন গণমাধ্যম এ২৪-এর বরাতে সাংবাদিক নিকোলাস উইনিয়াজকি জানিয়েছেন, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের সম্পর্ক গুটিয়ে নিয়েছেন এই তারকা ফুটবলার।

বিজ্ঞাপন · inarticle_1

এই বিরোধের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে মেসির ইমেজ স্বত্ব লঙ্ঘনের বিষয়টি। মার্কিন বিয়ার নির্মাতা মাইকেলবের সঙ্গে মেসির একচেটিয়া বাণিজ্যিক চুক্তি থাকলেও জাতীয় দলের স্পনসর হিসেবে যুক্ত একটি স্থানীয় প্রতিষ্ঠান নিজেদের প্রচারণায় মেসির ছবি ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। উইনিয়াজকির দাবি, মেসিকে না জানিয়েই সভাপতি তাপিয়ার সম্মতিতে ওই প্রতিষ্ঠানকে ছবি ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়, যা মেসির স্বার্থ ও চুক্তির পরিপন্থী।

এএফএর শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে চলা নানা বিতর্ক ও তদন্তও মেসির ক্ষোভ বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাপিয়া ও তোভিগিনোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে, যার ধারাবাহিকতায় গত মার্চে তাপিয়ার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল। পাশাপাশি মোনাকো ও ইবিজার মতো অভিজাত গন্তব্যে ইয়ট ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত কয়েকটি প্রতিষ্ঠানের কাছে ১২ লাখ ডলারের বেশি অর্থ পাঠানোর তথ্যও সামনে এসেছে।

এ ছাড়া গত অক্টোবরে বেনিনের বিপক্ষে আয়োজিত ম্যাচের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও মেসি ও তার ঘনিষ্ঠ মহলে অসন্তোষ তৈরি হয়েছিল। সে সময় শব্দব্যবস্থা, আলোকসজ্জা এবং ম্যাচ শেষে ড্রোন শোয়ের উপস্থাপনা—বিশেষ করে ড্রোন শোয়ে মেসিকে দুর্বল ডান পায়ে শট নেওয়ার ভঙ্গিতে দেখানোর বিষয়টি তারা ভালোভাবে নেননি। এখন মেসির আইনজীবীরা এএফএকে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, যাতে যেসব বাণিজ্যিক কর্মকাণ্ডের আয় আর্জেন্টিনার ফুটবলের উন্নয়নে যুক্ত নয়, সেগুলোতে মেসির ছবি ব্যবহার বন্ধ করা যায়। অন্যদিকে এই অস্থিরতার মধ্যেই ইন্টার মায়ামির হয়ে ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফ কোয়ার্টার ফাইনালে কলম্বাস ক্রুর মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।