মহাবিশ্বের অদৃশ্য পদার্থের গঠন ও সাধারণ পদার্থের সঙ্গে এর গভীর সম্পর্ক বুঝতে ‘মিরর ইমেজ’ বা প্রতিবিম্ব তত্ত্বের প্রস্তাব দিয়েছেন বিজ্ঞানীরা।

মহাবিশ্বের দৃশ্যমান সাধারণ পদার্থের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি পরিমাণে থাকা অদৃশ্য বস্তু ‘ডার্ক ম্যাটার’ বা কৃষ্ণবস্তু নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। দীর্ঘদিন ধরে একে একটি মাত্র সরল কণা হিসেবে বিবেচনা করা হলেও, সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা ভিন্ন পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের পদার্থবিজ্ঞানী পুয়া আসাদির নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও কানাডার একদল গবেষক ডার্ক ম্যাটারের জন্য সম্পূর্ণ আলাদা একটি পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিয়েছেন। প্রিপ্রিন্ট সার্ভার ‘আর্কাইভ’-এ প্রকাশিত এই গবেষণাপত্রে বলা হয়েছে, সাধারণ মৌলগুলোর মতোই ডার্ক ম্যাটারেরও নিজস্ব জটিল গঠন ও পর্যায় সারণি থাকতে পারে, যা মহাবিশ্বের এই অদৃশ্য জগতের স্বরূপ উন্মোচনে নতুন দিগন্ত খুলে দেবে।

বিজ্ঞাপন · inarticle_1

মহাবিশ্বে সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটারের পরিমাণের এই অনুপাতটি পদার্থবিজ্ঞানের জগতে ‘ম্যাটার কোইনসিডেন্স প্রবলেম’ বা পদার্থের কাকতালীয় সমস্যা হিসেবে পরিচিত। আপাতদৃষ্টিতে পাঁচ গুণ পার্থক্য অনেক বড় মনে হলেও মহাজাগতিক স্কেলে এই দুটি উপাদানের শক্তির ঘনত্ব অত্যন্ত কাছাকাছি। গবেষকদের মতে, দৃশ্যমান ও অদৃশ্য এই দুটি জগৎ কেবল মহাকর্ষ বলের মাধ্যমেই নয়, বরং আরও গভীর কোনো অজানা সূত্রে একে অপরের সঙ্গে যুক্ত। যদি এদের উৎপত্তির উৎস অভিন্ন হয়, তবে পরিমাণের এই সামঞ্জস্য মোটেও কাকতালীয় নয়, বরং একটি প্রাকৃতিক নিয়ম। কেবল একটি একক কণা দিয়ে এই বিশাল ও জটিল সামঞ্জস্য ব্যাখ্যা করা অসম্ভব বলেই বিজ্ঞানীরা বহুমাত্রিক উপাদানের কথা ভাবছেন।

নতুন এই তত্ত্বে ডার্ক ম্যাটারকে আমাদের পরিচিত দৃশ্যমান জগতের একটি ‘মিরর ইমেজ’ বা প্রতিবিম্ব হিসেবে কল্পনা করা হয়েছে, যেখানে নিজস্ব কণা এবং বলের সমন্বয় রয়েছে। বিজ্ঞানীদের গাণিতিক বিশ্লেষণে উঠে এসেছে যে, ডার্ক ম্যাটারের মূল উপাদান হলো ‘ডার্ক নিউট্রন’, যার ভর সাধারণ প্রোটনের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। আদিম মহাবিশ্বের সৃষ্টির সময় যদি সাধারণ প্রোটন এবং ডার্ক নিউট্রন প্রায় সমান সংখ্যায় তৈরি হয়ে থাকে, তবে ভরের এই পার্থক্যের কারণেই বর্তমানে মহাবিশ্বে ডার্ক ম্যাটারের পরিমাণ সাধারণ পদার্থের তুলনায় পাঁচ গুণ বেশি হওয়াটাই স্বাভাবিক।

এই অভিন্ন সম্পর্কটি ব্যাখ্যা করতে গবেষকরা ‘মিরর টুইন হিগস’ তত্ত্বের সহায়তা নিয়েছেন। এই তত্ত্ব অনুযায়ী, সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটার সম্পূর্ণ স্বাধীন কোনো সত্তা নয়, বরং একটি বিশেষ গাণিতিক প্রতিসাম্যের মাধ্যমে পরস্পরের সঙ্গে বাঁধা। এই প্রতিসাম্যই উভয় জগতের কণাগুলোর ভর এবং মৌলিক বলের বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানীদের এই নতুন পর্যায় সারণির ধারণাটি ভবিষ্যতে ডার্ক ম্যাটার শনাক্তকরণ এবং মহাবিশ্বের উৎপত্তির রহস্য ভেদ করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।