জটিল পেশাগত কাজ ও তথ্য বিশ্লেষণে অভাবনীয় দক্ষতা দেখাচ্ছে ‘জেমিনাই ৪ নিওন’, থাকছে না বিনা মূল্যে ব্যবহারের সুযোগ।

প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করে ‘জেমিনাই ৪ নিওন’ নামের একটি শক্তিশালী এআই মডেল উন্মোচন করেছে গুগল। মূলত সময়সাপেক্ষ ও জটিল পেশাগত কাজগুলো যেন অত্যন্ত দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্য নিয়েই মডেলটি তৈরি করা হয়েছে। গুগলের দাবি অনুযায়ী, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক গবেষণার মতো বহুস্তরীয় কাজগুলো নিখুঁতভাবে পরিচালনা করতে এটি বিশেষভাবে সক্ষম। আগের মডেলগুলোর তুলনায় এর যুক্তি বিশ্লেষণের ক্ষমতা যেমন উন্নত করা হয়েছে, তেমনি কাজের গতি এবং পরিচালনা ব্যয়ের ক্ষেত্রেও এটি ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা নিয়ে আসবে।

বিজ্ঞাপন · inarticle_1

স্বাধীন এআই মূল্যায়ন প্ল্যাটফর্ম ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনডেক্স’-এর পরীক্ষায় ৬১ স্কোর অর্জন করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জেমিনাই ৪ নিওন। কোডিং এবং গবেষণামূলক কাজে এর পারফরম্যান্স প্রযুক্তি বিশ্লেষকদের নজর কেড়েছে। যেসব পেশাজীবী বা প্রতিষ্ঠানের নিয়মিত জটিল কাজের জন্য শক্তিশালী এআই প্রয়োজন, কিন্তু সবসময় সবচেয়ে ব্যয়বহুল বা সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন মডেলের দরকার পড়ে না, তাঁদের কথা মাথায় রেখেই এটি নকশা করা হয়েছে। অর্থাৎ, খরচ ও সক্ষমতার মধ্যে একটি কার্যকর ভারসাম্য বজায় রাখাই এই মডেলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

কাজের গতির দিক থেকেও বড় চমক দেখিয়েছে নতুন এই সংস্করণটি। গুগলের তথ্যমতে, এটি আগের ‘জেমিনাই ৪ কার্বন’ মডেলের তুলনায় প্রায় তিন গুণ বেশি দ্রুতগতিতে কাজ করতে পারে। এ ছাড়া প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, গুগলের এ পর্যন্ত তৈরি সব মডেলের মধ্যে নিওনের ভুল তথ্য বা ‘হ্যালুসিনেশন’ তৈরির হার সবচেয়ে কম। এর ফলে বড় আকারের পিডিএফ নথি, জটিল চার্ট, অডিও এবং ভিডিও ফাইল পর্যালোচনা করে খুব অল্প সময়ের মধ্যেই নির্ভুল আর্থিক মডেল, ব্যবসায়িক প্রতিবেদন কিংবা গবেষণাপত্র তৈরি করা সম্ভব হবে।

তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এই নতুন প্রযুক্তি উন্মুক্ত থাকছে না। গুগল জানিয়েছে, জেমিনাইয়ের ফ্রি বা বিনা মূল্যের সংস্করণে ‘জেমিনাই ৪ নিওন’ ব্যবহারের কোনো সুযোগ থাকবে না। কেবল গুগল এআই প্রো এবং আলট্রা গ্রাহকেরা পর্যায়ক্রমে জেমিনাই অ্যাপ ও গুগল অ্যান্টিগ্র্যাভিটির মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সফটওয়্যার নির্মাতাদের জন্য গুগল এআই স্টুডিও এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য জেমিনাই ফর বিজনেস প্ল্যাটফর্মে মডেলটি যুক্ত করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস