মহাকাশে ডেটা সেন্টার গড়ে তুলতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার এফসিসি এই ঐতিহাসিক অনুমোদন দেয়। কক্ষপথে থেকেই তথ্য প্রক্রিয়াকরণ করবে এসব স্যাটেলাইট, যা যুক্তরাষ্ট্রে এমন উদ্যোগের প্রথম অনুমোদন।
এফসিসির তথ্য অনুযায়ী, স্পেসএক্সের প্রস্তাবিত ‘স্টারমাইন্ড’ স্যাটেলাইটগুলো মূলত কম্পিউট মডিউল হিসেবে কাজ করবে এবং মহাকাশেই ডেটা প্রসেস করবে। সংস্থাটির মতে, এই পদক্ষেপ মানবসভ্যতাকে সূর্যের পূর্ণ শক্তি ব্যবহারে সক্ষম ‘কার্দাশেভ টাইপ-২ সভ্যতা’-র আরও কাছাকাছি নিয়ে যেতে পারে। এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কারের ভাষায়, যুক্তরাষ্ট্র এখন সুপার ইন্টেলিজেন্সের যুগে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।
সমর্থকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারে মহাকাশভিত্তিক ডেটা সেন্টার অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে। ভূপৃষ্ঠের ডেটা সেন্টার চালাতে প্রচুর বিদ্যুৎ ও পানি লাগে এবং অবকাঠামো নির্মাণ ও পরিচালনায় খরচও অনেক বেশি। স্পেসএক্স তাদের আবেদনে জানিয়েছে, কক্ষপথে স্যাটেলাইটগুলো প্রায় সার্বক্ষণিক সৌরশক্তি পাবে। এতে রক্ষণাবেক্ষণ খরচ কমে, জ্বালানি দক্ষতা বাড়ে এবং পৃথিবীর পরিবেশের ওপর চাপ অনেকটাই কমে।
তবে এই উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে সংশয়ও আছে। সমালোচকদের মতে, মহাকাশে ডেটা সেন্টার নির্মাণের প্রযুক্তি এখনো প্রাথমিক ও পরীক্ষামূলক পর্যায়ে থাকায় বাস্তবায়নে দীর্ঘ সময় লাগতে পারে। গত জুলাইয়ে প্রকাশিত গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) প্রতিবেদনেও বলা হয়েছে, এতে জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমলেও প্রকৌশলগত ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ রয়েছে।
জিএও প্রতিবেদনে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে যে, কম্পিউটিং যন্ত্রপাতির বিপুল তাপ মহাকাশে কার্যকরভাবে ঠান্ডা রাখা বড় কঠিন কাজ হবে। পাশাপাশি কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেলে সেগুলোর নিয়ন্ত্রণ রাখা এবং সংঘর্ষের ঝুঁকি সামলানোও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এফসিসির শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্পেসএক্সকে স্যাটেলাইট স্থাপন শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অন্তত ১০ শতাংশ বা এক লাখ এবং ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে হবে। যদিও শেষ পর্যন্ত ১০ লাখ স্যাটেলাইটই পাঠানো হবে কি না, তা নিশ্চিত নয়—কারণ বর্তমানে কক্ষপথে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট আছে এবং প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ সুবিধার্থে প্রায়ই প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যার অনুমোদন নেয়।
এর আগে স্টারলিংক নেটওয়ার্কের জন্য স্পেসএক্স ৪২ হাজার স্যাটেলাইটের অনুমোদন চেয়েছিল, যার মধ্যে বর্তমানে ১১ হাজারের সামান্য বেশি স্যাটেলাইট মহাকাশে সক্রিয়। নতুন এই মহাকাশ ডেটা সেন্টার প্রকল্পের সাফল্য অনেকটাই নির্ভর করছে স্পেসএক্সের নির্মাণাধীন পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট ‘স্টারশিপ’-এর উন্নয়ন এবং এর উৎক্ষেপণ খরচ কতটা কমানো যায়, তার ওপর।



