তরুণ উদ্ভাবকদের মিলনমেলায় পরিণত হয় ক্যাম্পাস; দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় ২৮০টিরও বেশি দল
দেশের তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬। গত ২০ নভেম্বর আয়োজিত দিনব্যাপী এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮০টিরও বেশি দল অংশগ্রহণ করে। আইইউবিএটির উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (আইআইইসি) এবং জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে রোবোটিকস, বিজ্ঞান ও প্রকৌশলভিত্তিক উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো এবং বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন এবং যন্ত্রকৌশল বিভাগের চেয়ার অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা এবং আইআইইসির পরিচালক ড. নাঈম হোসেন। অতিথিরা তাঁদের বক্তব্যে তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তিগত উৎকর্ষ সাধন এবং গবেষণামুখী মনোভাব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রতিযোগিতাকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং তরুণ উদ্ভাবকদের এক প্রাণবন্ত মিলনমেলা। অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাঁদের তৈরি আধুনিক রোবট, উদ্ভাবনী ধারণা, যন্ত্র নির্মাণের কারিগরি দক্ষতা, দলগত সমন্বয় এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের সক্ষমতা বিচারকদের সামনে তুলে ধরেন। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি নিজেদের উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে উপস্থাপন ও যাচাই করার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করেছে।
আইইউবিএটি কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনী শিক্ষায় দক্ষ করে তোলা অপরিহার্য। জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপের মতো বৃহৎ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করা, গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং আগামী দিনের দক্ষ প্রযুক্তিবিদ ও উদ্ভাবক তৈরিতে নিরলসভাবে ভূমিকা রেখে চলেছে।



