ভিডিও গেম বলতে সাধারণত বিশ্বজুড়ে বিনোদন বা রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা ভাবা হলেও, এখন তা সড়ক নিরাপত্তা ও বৈজ্ঞানিক গবেষণার এক নতুন মাধ্যম হয়ে উঠেছে। বাস্তব সড়কে যেসব ঝুঁকিপূর্ণ পরীক্ষা চালানো অসম্ভব, সেগুলো নিরাপদে সম্পন্ন করতে জার্মানি, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক প্রকৌশলী এবং গবেষকরা জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ বা জিটিএ (GTA)-র সহায়তা নিচ্ছেন।
জার্মানির ওসনাব্রুক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের গবেষক মিলেনা ইয়েগারের মতে, বিলিয়ন ডলার বাজেটে তৈরি এসব আধুনিক ভিডিও গেমের গ্রাফিক্স, আবহাওয়া ও ট্রাফিকের বাস্তবসম্মত ফিজিক্স মডেল কোটি টাকার বাণিজ্যিক ড্রাইভিং সিমুলেটরের চেয়েও বহুগুণে নির্ভুল ও সাশ্রয়ী। ইয়েগার ও তার দল সাইকেল আরোহী ও পথচারীদের পেছনের দ্রুতগামী গাড়ির সংকেত দেওয়ার জন্য বিশেষ কম্পনশীল (ভাইব্রোট্যাকটাইল) জ্যাকেট ও হ্যান্ডেলবার ডিভাইস তৈরি করেছেন। গবেষণাগারে জিটিএ গেমের কাল্পনিক শহর 'লস সান্টোস'-এর ভার্চুয়াল রাস্তায় ট্রাফিক সফটওয়্যার মোড যুক্ত করে এই ডিভাইসের সফল পরীক্ষা চালানো হয়।
অন্যদিকে, নেদারল্যান্ডসের ডেলফ্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল প্রকৌশলী পাবলো বাজিলিনস্কি আই-ট্যাকিং (Eye-tracking) প্রযুক্তির সাহায্যে ড্রাইভার ও সাইকেল আরোহীদের চোখের দৃষ্টির প্যাটার্ন বিশ্লেষণ করেছেন। গেমের ভেতরে গাড়ি থেকে হঠাৎ দরজা খোলা বা বিপজ্জনক মোড় ঘোরার মতো পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে ভবিষ্যতে আরও নিরাপদ সড়ক নকশা তৈরির সুপারিশ করছেন তিনি।
এ ছাড়া সড়ক গবেষণায় জিটিএ গেমের সবচেয়ে বড় প্রয়োগ ঘটছে স্বয়ংক্রিয় বা চালকবিহীন গাড়ি (Self-driving vehicles) তৈরিতে। দক্ষিণ কোরিয়ার কায়েস্ট (KAIST) প্রতিষ্ঠানের গবেষকরা হাজার হাজার ভার্চুয়াল সড়ক দুর্ঘটনার ডেটাসেট তৈরি করে চালকহীন গাড়ির কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অ্যালগরিদমকে দুর্ঘটনা এড়ানোর প্রশিক্ষণ দিচ্ছেন। আমেরিকার ইস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় গেমটির মাধ্যমে জটিল নৈতিক পরিস্থিতিতে চালকহীন এআই গাড়ির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষা করে দেখেছে, যা সম্ভাব্য জীবনহানি প্রায় ২৪ শতাংশ পর্যন্ত হ্রাস করতে সক্ষম হয়েছে। এই গবেষণা আগামী দিনে চালকহীন গাড়ির উদ্ভাবন ও সড়ক নিরাপত্তা বিধানে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।



