চলতি অর্থবছরের সপ্তম এই সভায় অনুমোদনের পাশাপাশি আগের ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হবে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ সভা আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা বসবে। পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের সপ্তম এই সভায় অনুমোদনের জন্য নতুন ও সংশোধিত মোট ২১টি প্রকল্প উপস্থাপন করা হবে। একই সঙ্গে পূর্বে অনুমোদিত আরও ১৪টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি এবং সংশোধনী প্রস্তাবও আলোচনার টেবিলে উঠবে।
এবারের সভায় কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদসহ জনগুরুত্বপূর্ণ নানা খাতের প্রকল্প স্থান পেয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতায় উপজেলা ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণের পাশাপাশি জয়পুরহাট, ফরিদপুর, রাজবাড়ী এবং বৃহত্তর সিলেট অঞ্চলের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক প্রশস্তকরণ, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বিমান বাহিনীর আবাসিক সংকট নিরসনে অবকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবও তালিকায় যুক্ত হয়েছে।
পানিসম্পদ ও আর্থ-সামাজিক অবকাঠামো খাতেও বেশ কিছু বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে দেশের বিভিন্ন নদী ও জলাশয় খনন, নদীভাঙন প্রতিরোধ, মেট্রো ঢাকা প্রকল্পের গোঁদনগরবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সংরক্ষণ এবং জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অন্যতম। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রসারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন, আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র নির্মাণ এবং চরফ্যাশন উপজেলায় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রস্তাব সভায় উপস্থাপন করা হবে।
নতুন প্রকল্পের পাশাপাশি চলমান উন্নয়ন কাজগুলোর গতিশীলতা বাড়াতে ১৪টি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হবে। এই তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগরের আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের একাধিক প্রকল্প। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতকরণ, খুলনা সড়ক জোনের মহাসড়কে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের মতো আধুনিক ও জনবান্ধব প্রকল্পগুলোও আজকের সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।



