রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতাদের চিহ্নিত করা এবং পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্তমান অবস্থান ও তাদের সঙ্গে যোগাযোগের সূত্র খুঁজে বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আত্মগোপনে থাকাকালীন তাকে কারা আশ্রয় দিয়েছিলেন, মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত করা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্যও রিমান্ড প্রয়োজন বলে জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে সাঈদ খোকনের নাম ২৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, রিমান্ড আদেশের আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।



